| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৫:২৪:০৯:অপরাহ্ন  |  ৫৭৭০৭১ বার পঠিত
৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন

স্টাফ রিপোর্টার: সরকারের আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দায়িত্ব বণ্টনে সমন্বয় নিশ্চিত করতেই এ পুনর্বিন্যাস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো. শরীফুল আলমের দপ্তরে পরিবর্তন আনা হয়েছে। আগে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও এখন তিনি শুধুমাত্র বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

একইভাবে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য—এই তিন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুর দপ্তরও পুনর্বিন্যাস করা হয়েছে। তিনি এখন কেবল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর ফলে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তিনি অব্যাহতি পেলেন।

এদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন—এই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে নতুন করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। তিনি এখন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব পালন করবেন। ফলে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে এখন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

অর্থ ও পরিকল্পনা—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির দায়িত্বেও পরিবর্তন আনা হয়েছে। তিনি এখন কেবল পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে এখন শুধু সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—এই দুই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হক এখন শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

সবশেষে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে এখন কেবল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

দপ্তর পুনর্বণ্টনের এ সিদ্ধান্তের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে বলে আশা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪