| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যাত্রীদের সঙ্গে ২৪/৭ যোগাযোগে থাকতে এয়ারলাইন্সকে নির্দেশ

মানবিক দৃষ্টিকোণ থেকে সেবা নিশ্চিতের আহ্বান

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ০৮:০০:১৪:পূর্বাহ্ন  |  ৫৭৫১৮৭ বার পঠিত
যাত্রীদের সঙ্গে ২৪/৭ যোগাযোগে থাকতে এয়ারলাইন্সকে নির্দেশ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট শিডিউলে বিপর্যয় দেখা দেওয়ায় এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। প্রয়োজনে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন জরুরি হেল্পলাইন চালুর ওপরও জোর দেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতকরণে করণীয় নির্ধারণে আয়োজিত এক সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতিতে যাত্রীদের সঠিক ও হালনাগাদ তথ্য জানানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই এয়ারলাইন্সগুলো যেন যাত্রীদের থেকে বিচ্ছিন্ন না হয়। বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য তথ্য দ্রুত পৌঁছে দিতে হবে। প্রয়োজনে ২৪/৭ হেল্পলাইন চালু রেখে জরুরি সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের হয়রানি রোধে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সংকটকালীন সময়ে কোনো ধরনের অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, এ সময় ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির চেয়ে মানবিক সহায়তাই বেশি গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বর্তমানে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। এছাড়া সর্বশেষ সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইট পরিচালনাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে অনেক যাত্রী বিভ্রান্তি ও ভোগান্তির শিকার হচ্ছেন।

পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, Civil Aviation Authority of Bangladesh-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪