| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ রাতে ঢাকায় আসছেন পল কাপুর

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ১৯:৪৩:৪২:অপরাহ্ন  |  ৫৭৮৮৩৬ বার পঠিত
আজ রাতে ঢাকায় আসছেন পল কাপুর
ছবির ক্যাপশন: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর; সংগৃহীত ছবি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট: মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পল কাপুর দুই দিনের সফরে মঙ্গলবার (৩ মার্চ) রাতে ঢাকায় আসছেন। বিএনপি সরকার গঠনের পর ওয়াশিংটন থেকে এটি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো দ্বিপক্ষীয় সফর।

সূত্র জানায়, পল কাপুরের সফরটি রাজনৈতিক হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি সই করেছে, তা বাস্তবায়নে অগ্রাধিকার দেবে ওয়াশিংটন। এ সফরে রাজনৈতিক বোঝাপড়া, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু,বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি আলোচনার টেবিলে থাকবে।

জানা গেছে, বর্তমানে দিল্লি সফরে রয়েছেন পল কাপুর। তিনি দিল্লি থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছাবেন। ঢাকায় এসে মার্কিন দূতাবাসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

পরদিন বুধবার (৪ মার্চ) পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন।ওইদিন সন্ধ্যায় তিনি ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নিয়ে ঢাকা মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র–বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪