রিপোর্টার্স২৪ ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “সে আমাকে মারার আগেই আমি তাকে মেরে ফেলেছি।”
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, “তারা (ইরান) দু’বার চেষ্টা করেছিল। কিন্তু আমি আগে আঘাত করেছি।”
ইঙ্গিত কোন ঘটনার দিকে?
ট্রাম্পের এই বক্তব্যে ধারণা করা হচ্ছে, তিনি ২০২৪ সালে ইরান-সংশ্লিষ্ট একটি কথিত হত্যাচেষ্টার অভিযোগের দিকেই ইঙ্গিত করেছেন, যেখানে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি ওঠে। তবে এ বিষয়ে বিস্তারিত প্রমাণ বা আনুষ্ঠানিক ব্যাখ্যা তিনি দেননি।
খামেনির মৃত্যু ঘিরে ইরানের ঘোষণা
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এসব হামলায় খামেনি নিহত হয়েছেন। আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ও ফার্স নিউজ এজেন্সি রোববার (১ মার্চ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
খামেনির মৃত্যুতে সাত দিনের সরকারি ছুটি এবং ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান।
তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল
রিপোর্টার্স২৪/আরকে