ইন্টারন্যাশনাল ডেস্ক: সীমান্ত উত্তেজনার মধ্যেই বড় ধরনের সামরিক অভিযানের দাবি করেছে পাকিস্তান। ‘অপারেশন গজব লিল হক’ নামে পরিচালিত অভিযানে ৪ শতাধিক আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ। রোববার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য প্রকাশ করে।
সর্বশেষ হালনাগাদ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে ৪১৫ জন নিহত এবং ৫৮০ জনের বেশি আহত হয়েছেন। পাশাপাশি ১৮২টি চেকপোস্ট ধ্বংস এবং আরও ৩১টি চেকপোস্ট দখলের দাবি করা হয়েছে।
এছাড়া সামরিক সক্ষমতায় বড় আঘাত হানার কথাও উল্লেখ করেছে পাকিস্তান। তাদের দাবি অনুযায়ী, ১৮৫টি ট্যাংক, সাঁজোয়া যান ও আর্টিলারি গান ধ্বংস করা হয়েছে। আফগানিস্তানের ৪৬টি ভিন্ন স্থানে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানানো হয়।
অভিযান ঘিরে সীমান্তবর্তী এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তবে পাকিস্তানের এই দাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আফগানিস্তানের ক্ষমতাসীন গোষ্ঠী আফগান তালেবান এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযানের প্রভাব দুই দেশের কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম