| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা, জাতিসংঘে কড়া প্রতিবাদ ইরানের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ০৯:৪৬:১৮:পূর্বাহ্ন  |  ৬১৯২৪৬ বার পঠিত
খামেনি হত্যাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ আখ্যা, জাতিসংঘে কড়া প্রতিবাদ ইরানের

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে আনুষ্ঠানিক ও কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ হিসেবে অভিহিত করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইরান।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস  এবং নিরাপত্তা পরিষদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। চিঠিতে বলা হয়, এ ঘটনা একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’ সৃষ্টি করেছে, যা রাষ্ট্রকাঠামোর মৌলিক আদর্শ ও আন্তর্জাতিক সম্পর্কের সভ্য আচরণের পরিপন্থী।

ইরানের পক্ষ থেকে হামলাটিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে দায়ীদের বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি জানানো হয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী, এ ধরনের পদক্ষেপ কেবল একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিকে দুর্বল করে এবং একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বক্স’ খুলে দেয়। এতে রাষ্ট্রীয় সার্বভৌম সমতার নীতি ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিশ্বশান্তি ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষায় সনদ অনুযায়ী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই ঘটনার জন্য পূর্ণ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া ও নিরাপত্তা পরিষদের সম্ভাব্য পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট মহল।

সূত্র: আলজাজিরা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪