স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই আন্দোলন চলাকালীন রাজধানীর গুলশান এলাকায় আবুজর শেখ (২৪) কে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালসহ ২৫ জনের বিরুদ্ধে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) চার্জশিট দাখিল করেছে।
এটিইউ’র উপ-পরিদর্শক ইসরাইল হোসেন ১৮ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখায় অভিযোগপত্র জমা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
চার্জশিটে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে বেআইনি জনতাকে সংগঠিত করে উগ্রতা ও বলপ্রয়োগের মাধ্যমে হত্যাকাণ্ডে ভূমিকা রাখেন। তবে আদালতে চার্জশিট গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে এখনও শুনানি হয়নি।
চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন,সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী মোহাম্মদ এ. আরাফাত,সাবেক এমপি মির্জা আজম,হাইকোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।
চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় গুলশানের প্রগতি সরণি, বারিধারা জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিল চলাকালীন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা গুলি চালান। এতে আবুজর শেখ গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে এভারকেয়ার হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুলাই তিনি মারা যান।
মামলার শুরুতে ২৭ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছে, অন্যদিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ২২ জন পলাতক, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।আদালত এখন চার্জশিট গ্রহণ ও পরবর্তী কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত নেবে।
রিপোর্টার্স২৪/এসসি