সিনিয়র রিপোর্টার: বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগ বাড়ানোর জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে চাই। চীন ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন বড় প্রকল্পে বিনিয়োগ করেছে এবং ভবিষ্যতে এই বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর আহ্বান রাষ্ট্রদূতকে জানান মন্ত্রী।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীল সরকার থাকায় চীন সরকারের পক্ষ থেকে বিনিয়োগ আরও বাড়ানো হবে। বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ১০ হাজার চীনা নাগরিক কাজ করছেন। তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখা।
রাষ্ট্রদূত চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ‘ইন্টারন্যাশনাল অ্যালায়ন্স কমব্যাটিং টেলিকম অ্যান্ড সাইবার ফ্রড’ জোটে বাংলাদেশের যোগদানের অনুরোধ জানান। এছাড়া তিনি জানান, ‘প্ল্যান অব অ্যাকশন অন ল এনফোর্সমেন্ট ট্রেনিং কোঅপারেশন’ সংক্রান্ত সমঝোতা স্মারকের মেয়াদ ২০২৩ সালে শেষ হওয়ায় এটি পুনর্বিবেচনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে দুদেশের মধ্যে নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
সাক্ষাতের শুরুতে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং চলতি বছরের সেপ্টেম্বরে চীন সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, সুবিধাজনক সময়ে তিনি চীন সফর করবেন।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নবনিযুক্ত সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ মন্ত্রণালয় ও চীনা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি