রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৮ মার্চ। অগ্রিম ও ফিরতি যাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
গত ২২ ফেব্রুয়ারি রেলভবনের সম্মেলন কক্ষে ঈদ উপলক্ষে ট্রেন পরিচালনা ও যাত্রীসেবা সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
যেসব রুটে চলবে ঈদ স্পেশাল ট্রেন
ঈদ উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। এর মধ্যে রয়েছে—
চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল
ঢাকা–দেওয়ানগঞ্জ–ঢাকা রুটে তিস্তা ঈদ স্পেশাল
ভৈরববাজার–কিশোরগঞ্জ–ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল
ময়মনসিংহ–কিশোরগঞ্জ–ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল
জয়দেবপুর–পার্বতীপুর–জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল
ঈদের পর এসব ট্রেনের সময়সূচিতে কিছু পরিবর্তন এনে ফেরত যাত্রাও পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।
অগ্রিম টিকিট বিক্রির সূচি
৩ মার্চ থেকে প্রতিদিন ধারাবাহিকভাবে ১৩ থেকে ১৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।
ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীদের আগাম পরিকল্পনা ও অনলাইনে দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
রিপোর্টার্স২৪/ঝুম