স্টাফ রিপোর্টার: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে সাংবাদিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া অভিযানে বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ ও কাওসার আহমেদ রিপনসহ কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানিয়েছেন, সাংবাদিকরা অভিযানের দৃশ্য ধারণ ও সরাসরি সম্প্রচার করছিলেন। পুলিশের সঙ্গে দ্বন্দ্বের একপর্যায়ে শিক্ষার্থী নাঈম উদ্দিনকেও লাঠি দিয়ে মারধর করা হয়। আহত সাংবাদিক তোফায়েল আহমেদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, এটি নিয়মিত মাদকবিরোধী অভিযান ছিল। অভিযানে ৬০-৭০ জন পুলিশ অংশ নিয়েছিলেন। তিনি দাবি করেন, অভিযানের সময় সাংবাদিকরা প্রেস পরিচয়পত্র দেখাননি, যা ভুল বোঝাবুঝি তৈরি করেছে।
তবে সাংবাদিকরা বলছেন, হামলা ইচ্ছাকৃত ছিল। শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে পরে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে। আহত সাংবাদিককে হাসপাতালে ভিজিট করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডিসি মাসুদ।
ঘটনার পর সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো পুলিশের এই আচরণের নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।
রিপোর্টার্স২৪/বাবি