| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অবকাঠামো উন্নয়ন-অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সেতুমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৬:৫৭:৩০:অপরাহ্ন  |  ৬৬৭১০৫ বার পঠিত
অবকাঠামো উন্নয়ন-অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সেতুমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্মাণকাজে অনিয়ম ও অপচয় বন্ধ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়নকে টেকসই ও স্বচ্ছ করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে ৪৪তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নবনিযুক্ত ৩২ কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রশিক্ষণ শেষে তাদের সরাসরি দায়িত্ব পালনে নামতে হবে। রাষ্ট্র তাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে। এই দায়বদ্ধতা সব সময় মনে রাখতে হবে। তিনি সততা, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর জোর দিয়ে বলেন, নিজেদের রাষ্ট্রের স্বার্থে নিবেদিত রাখা সহজ নয়, কিন্তু তরুণ কর্মকর্তারাই চাইলে বড় পরিবর্তন সম্ভব।

সরকারের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, একজন প্রকৃত কর্মকর্তা তার কাজের মাধ্যমে পরিচিত হন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নবীন কর্মকর্তাদের হাতেই। সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, একটি সড়ক বন্ধ থাকলে লাখো মানুষ ভোগান্তিতে পড়ে। তাই নির্বিঘ্ন যোগাযোগব্যবস্থা, যুক্তিসংগত নির্মাণব্যয় এবং নিরাপদ অবকাঠামো নিশ্চিত করতে হবে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের সেবায় নিজেদের মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগের মাধ্যমে নতুন সাফল্য অর্জনের আহ্বান জানান তিনি।

প্রশিক্ষণার্থীদের পক্ষে সহকারী প্রকৌশলী নাসির আহমেদ ও জান্নাতুল নাঈম বলেন, এই ইনডাকশন কোর্স তাদের পেশাগত দক্ষতা, প্রশাসনিক জ্ঞান ও নৈতিক দায়বদ্ধতা আরও শক্তিশালী করেছে। তারা সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪