রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে হলুদবোঝাই একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. সালাম (৬০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় জিপের চালক মো. বেলাল (৩৮) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার ফারুয়া ইউনিয়নের লতা পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেলাল একই এলাকার মো. কবির হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ফারুয়া থেকে হলুদ বোঝাই করে জিপটি চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছিল। পথে লতা পাহাড় এলাকার ঢালু সড়কে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা সালাম ও বেলাল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাত নয়টার দিকে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সালামকে মৃত ঘোষণা করেন। আহত বেলালের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নেজাম উদ্দিন বলেন, আহত দুজনকে হাসপাতালে আনা হলে একজন আগেই মারা গিয়েছিলেন। অপরজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে চট্টগ্রামে পাঠানো হয়েছে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত জিপটি উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/মিতু