সিনিয়র রিপোর্টার: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ চাইবে না। একই সঙ্গে, দেশটি সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।
ড. খলিলুর রহমান জানান, গতকাল থেকে দেশের বিদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করা হয়েছে এবং তাদের কাছে সরকারের বৈদেশিক নীতির মূল রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, আমাদের মোটো হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। সবার ওপরে থাকবে বাংলাদেশ। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না এবং নীতিমালা থাকবে পারস্পরিক স্বার্থ, জাতীয় মর্যাদা ও সম্মানের ওপর ভিত্তি করে।
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশটি প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায়। এ পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রদূতরা সরকারের প্রতি গভীর আস্থা এবং ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।
খলিলুর রহমান বলেন, আমরা আশা করি আমাদের অঞ্চলের এবং বিশ্বের অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আমরা গভীর সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করব, কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখব। সব বিষয় আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্মানজনকভাবে সমাধান করবো। আগামী দিনে আমরা অত্যন্ত গতিশীল বৈদেশিক নীতি পরিচালনা করতে পারব।
তিনি শেষ করেন, এখন পর্যন্ত আমরা সৌজন্যমূলক ও বন্ধুত্বপূর্ণ বৈঠক করেছি। ভবিষ্যতে বিশেষ কিছু বিষয় নিয়ে আলাপ করতে হবে, এজন্য কিছুটা সময় প্রয়োজন।
রিপোর্টার্স২৪/এসসি