স্টাফ রিপোর্টার: দেশের কৃষকদের নানা সুবিধার আওতায় আনার জন্য শিগগিরই ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার সচিবালয়ে কৃষক কার্ড সংক্রান্ত বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রী জানান, মূলত কৃষকদের জন্য একটি স্মার্ট কার্ড তৈরি করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কৃষক উৎপাদনের সঙ্গে সম্পর্কিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। যেমন কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি, সার, কীটনাশক, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সহজলভ্য হবে। এছাড়া এই কার্ড ব্যবহার করে বাজার, উৎপাদন ও আবহাওয়ার তথ্য সংগ্রহ করা যাবে, যা সঠিক পরিকল্পনার জন্য সহায়ক হবে।
স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না। মন্ত্রী বলেন, একটি স্মার্ট কৃষক কার্ড সরাসরি কৃষককে রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত করবে, কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং সমস্যাগুলো সরাসরি রাষ্ট্র জানতে পারবে।
কতজন কৃষককে কার্ড দেওয়া হবে জানতে চাইলে মন্ত্রী জানান, লক্ষ্য সব কৃষককে অন্তর্ভুক্ত করা। তবে প্রথমে পাইলট প্রজেক্টে ধীরে ধীরে শুরু করা হবে। কোন অঞ্চলে পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু হবে, তা পরে জানা যাবে।
রিপোর্টার্স২৪/এসসি