রিপোর্টার্স২৪ ডেস্ক: দুর্ঘটনা রোধে সারাদেশের পরিত্যক্ত গভীর নলকূপ তিন মাসের মধ্যে ভরাট করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন। রিটে বিভিন্ন স্থানে পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছিল।
মোহাম্মদ মনির উদ্দিন বলেন, ২০১৪ সালে শাহজাহানপুরের রেলওয়ে কলোনীতে পরিত্যক্ত নলকূপে শিশু জিহাদের মৃত্যু দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল।
এছাড়া ২০২৫ সালের ডিসেম্বরে রাজশাহীর তানোরে শিশু সাজিদের মৃত্যু এবং চলতি বছরের ২৮ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলায় শিশু মিসবাহের মৃত্যু ঘটে। এসব ঘটনা সংযুক্ত করে রিট দায়ের করা হয়েছিল।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, তিন মাসের মধ্যে সব পরিত্যক্ত নলকূপ ভরাট করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে।
রিপোর্টার্স২৪/ঝুম