রিপোর্টার্স২৪ ডেস্ক: পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে ইরানে আবারও জোরালো হচ্ছে জেন-জি প্রজন্মের সরকারবিরোধী আন্দোলন। রাজধানী তেহরান–এ রোববার (২২ ফেব্রুয়ারি) টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করেছেন সাধারণ মানুষ, বিশেষ করে তরুণরা।
বার্তা সংস্থা Agence France-Presse (এএফপি) এক প্রতিবেদনে জানায়, গত ডিসেম্বর-জানুয়ারির বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ ও হত্যাকাণ্ডের বিচার দাবিতে শনিবার আন্দোলন শুরু করে তরুণ প্রজন্মের একাংশ। এর পাল্টায় সরকারের সমর্থনে আলাদা মিছিল-সমাবেশের ডাক দেন ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ তরুণ-তরুণীরা।
ইরানের অনলাইন সংবাদমাধ্যম Fars News Agency জানিয়েছে, তেহরানের অন্তত তিনটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর মধ্যে আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে Sharif University of Technology, যা অতীতেও সরকারবিরোধী আন্দোলনের জন্য পরিচিত।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শরিফ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইরানের সাবেক শাহ মুহম্মদ রেজা শাহ পাহালভির আমলের পতাকা হাতে মিছিল করছেন। মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপ- দুইয়ের প্রভাবেই ইরানে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে।
রিপোর্টার্স২৪/আরকে