স্টাফ রিপোর্টার: সংশ্লিষ্ট সংসদ সদস্যদের (এমপি) অন্তত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান করা, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং আগের নিয়মে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষক নেতারা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে এসব দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক, নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রধান দাবিগুলো
ঐক্যজোটের দাবির মধ্যে রয়েছে—
#যুগোপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন
#মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ
#অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং দুর্নীতির তদন্ত
#শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে নতুন নীতিমালা প্রণয়ন এবং সংশ্লিষ্ট এমপিকে তিনটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান করার বিধান
#শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু
#সরকারি হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ও বিনোদন ভাতা প্রদান
#এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করা এবং ১–১২তম নিবন্ধনধারীদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগ
#দক্ষ ও অরাজনৈতিক শিক্ষা প্রশাসন গঠন
#চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ
#স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত এমপিওভুক্ত করা
#কারিগরি শিক্ষার সম্প্রসারণ ও উন্নয়ন
#শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ নিশ্চিত করা
#কিন্ডারগার্টেনগুলোকে নীতিমালার আওতায় এনে নিবন্ধন বাধ্যতামূলক করা
#অবসর সুবিধা ও দুর্নীতির অভিযোগ
নেতারা দাবি করেন, অবসর সুবিধা তহবিল ও কল্যাণ ট্রাস্টে অর্থের ঘাটতির কারণে প্রায় ৮০–৯০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক প্রাপ্য অর্থ পাচ্ছেন না। তারা এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের পাশাপাশি দ্রুত তহবিল বরাদ্দের আহ্বান জানান।
এছাড়া অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি দ্রুত গঠন এবং বেসরকারি শিক্ষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়।
নিয়োগ ও এমপিও প্রসঙ্গ:
এনটিআরসিএর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তা সংস্কারের দাবি জানান শিক্ষক নেতারা। একই সঙ্গে যোগ্য হলেও এমপিওবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তারা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপস্থাপিত দাবিগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি