স্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের যেকোনো ধরনের তৎপরতা কঠোরভাবে দমন করার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। একই সঙ্গে চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
রোববার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেশের সব ইউনিট প্রধান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেন আইজিপি।
সভায় তিনি বলেন, যেকোনো মূল্যে স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হবে। দল-মত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে বা নিষিদ্ধ রাজনৈতিক দলের ব্যানারে কোনো তৎপরতা চালালে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে।
আইজিপি মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশকে বিশেষভাবে সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি বলেন, যে কোনো মূল্যে মহাসড়ক ডাকাতি বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে সংশ্লিষ্ট অতিরিক্ত আইজিগণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসসি