স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা হিসেবে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করা আসিফ নজরুল নতুন সরকার দায়িত্ব গ্রহণ করায় বাসাটি ছাড়ছেন। বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে বাসা ছাড়ার বিষয়টি জানিয়ে তিনি লেখেন, জায়গাটির প্রতি তার এক ধরনের মায়া জন্মেছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, হেয়ার রোডের বড় সরকারি বাসায় ওঠার সময় পরিবারের সবার মন খারাপ হয়েছিল। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি—এত বড় যে আপন ভাবা যায় না ঠিক,—এমন অনুভূতির কথা তুলে ধরেন তিনি। বিশেষ করে সরকারি বাসায় ওঠার কারণে ফুলার রোডের বন্ধুদের কাছ থেকে সন্তানদের বিচ্ছিন্ন হতে হওয়ায় তাদের মন খারাপ হয়েছিল বলেও জানান।
তবে সময়ের সঙ্গে সঙ্গে বাসাটির প্রতি এক ধরনের আবেগ তৈরি হয়েছে বলে লিখেছেন আসিফ নজরুল। তিনি বলেন, দু-একদিনের মধ্যে আমরা চলে যাব এই বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এই বাসাটার জন্যই অনেক মায়া লাগছে—বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।
সবশেষে তিনি লেখেন, বিদায় হেয়ার রোড।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারে আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ উপদেষ্টা এবং পরে ক্রীড়া উপদেষ্টার দায়িত্বও পালন করেন আসিফ নজরুল। তফসিল ঘোষণার দিন থেকে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–র পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান।
রিপোর্টার্স২৪/বাবি