| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি ভোটের প্রস্তুতি, সংরক্ষিত নারী আসন রমজানেই

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৯, ২০২৬ ইং | ১৩:২৮:০৩:অপরাহ্ন  |  ৬৯৪৪৮২ বার পঠিত
ঈদের পর উপনির্বাচন ও তিন সিটি ভোটের প্রস্তুতি, সংরক্ষিত নারী আসন রমজানেই

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর ধারাবাহিকভাবে একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রমজানের মধ্যেই জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। আর ঈদুল ফিতরের পর অনুষ্ঠিত হতে পারে শেরপুর-৩ আসনের স্থগিত ভোট ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন।

ইসি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন তারেক রহমান ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচন ঈদের পর আয়োজনের প্রস্তুতি চলছে। একই সময়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রমও শুরু করতে চায় কমিশন।

তিন সিটি করপোরেশন অগ্রাধিকার

মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন- এই তিন সিটির নির্বাচন দিয়েই স্থানীয় সরকার পর্যায়ের ভোট শুরুর পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কমিশনকে চিঠি দিয়েছে।

এই তিন সিটির ভোট শেষ হলে পর্যায়ক্রমে বাকি নয়টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে। সরকারের সিদ্ধান্ত পেলে ইউনিয়ন পরিষদ নির্বাচনও হতে পারে।

প্রশাসকের মাধ্যমে পরিচালিত স্থানীয় সরকার

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

আইন অনুযায়ী সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্নের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ১ জুন, ঢাকা উত্তর সিটির ২০২৫ সালের ২ জুন এবং চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। ফলে এই তিন সিটির নির্বাচনকে অগ্রাধিকার দিচ্ছে কমিশন।

সংরক্ষিত নারী আসন মার্চ-এপ্রিলে

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী মার্চে প্রক্রিয়া শুরু করে এপ্রিলের মধ্যে ভোট শেষ করার লক্ষ্য রয়েছে ইসির। সংসদের প্রথম অধিবেশনের আগেই নির্বাচিত নারী সদস্যদের শপথ সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

ইসি সূত্র জানিয়েছে, আনুপাতিক হারে সংরক্ষিত নারী আসন বণ্টনে বিএনপি ৩৬টি, জামায়াতে ইসলামী ১২টি এবং জাতীয় নাগরিক পার্টি ও স্বতন্ত্ররা একটি করে আসন পেতে পারে।

কমিশনের বক্তব্য

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেছেন, বড় নির্বাচন শেষ হলেও সাংবিধানিক দায়িত্বের অংশ হিসেবে অন্যান্য নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ঈদের পর স্থানীয় সরকার নির্বাচন ধাপে ধাপে করা হবে।

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন আয়োজনই কমিশনের মূল দায়িত্ব। সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা পেলেই সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪