স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব হিসেবে আবদুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে আতিকুর রহমান রুমনকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এ নিয়োগ দিয়ে বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আবু আবদুল্লাহ এম ছালেহকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের সচিব পদমর্যাদা ও নির্ধারিত বেতনে (৭৮ হাজার টাকা) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ দেওয়া হলো। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এ নিয়োগ কার্যকর থাকবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আবু আবদুল্লাহ এম ছালেহ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত। তিনি ইউএনবি (ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ) এবং চ্যানেল আই–এ কাজ করেছেন। এছাড়া ঢাকা রিপোর্টার্স ইউনিটি–র সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। দৈনিক দিনকাল-এর সম্পাদক ও প্রকাশক আতিকুর রহমান রুমন ১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে জন্মগ্রহন করেন।
দলীয় সূত্রে জানা যায়, আবু ছালেহ দীর্ঘ সময় বিদেশে অবস্থানকালে তারেক রহমান–এর প্রেস-সংক্রান্ত বিষয়গুলো দেখভাল করেছেন। গত ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসন শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফেরার সময় তারেক রহমানের সফরসঙ্গী হিসেবেও একই বিমানে দেশে ফেরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। পরে রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহের সামনে সরকারের নীতি ও কার্যক্রম গণমাধ্যমে যথাযথভাবে উপস্থাপন, প্রধানমন্ত্রীর দপ্তরের সংবাদ ব্যবস্থাপনা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সঙ্গে সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রিপোর্টার্স২৪/বাবি