স্টাফ রিপোর্টার: রাজধানীর ডেমরা থানা এলাকার সারুলিয়া গ্রামের বাসিন্দা মোসা. রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার প্রায় এক বছর পার হলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিবিআই সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত বছরের ৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে রুবিনাকে তার মা চিকিৎসার জন্য বাড্ডা থানার মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। রাত ৭টার দিকে দাওয়াখানায় থাকা অবস্থায় ওষুধ কিনতে বাইরে গেলে কিছুক্ষণ পর ফিরে এসে তার মা দেখেন, রুবিনা সেখানে নেই। দাওয়াখানা ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তী দিন, ৮ মার্চ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৭৪) করা হয়।
দীর্ঘ সময় কোনও ফল না পাওয়ায় রুবিনার মা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৭, ঢাকায় আবেদন করেন। ওই বছরের ১২ নভেম্বর বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারা এবং মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬(১)/১১ ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়।
আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই এসআইএন্ডও (উত্তর)। বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. নাজমুল হক নিখোঁজ রুবিনাকে সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই ও প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে।
পিবিআই জানিয়েছে, রুবিনার বিষয়ে যে কোনো তথ্য থাকলে এসআই (নিঃ) মো. নাজমুল হক-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর- ০১৭৩৭-৭১১৯৫৯।
রিপোর্টার্স২৪/ধ্রুব