রিপোর্টার্স২৪ ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার। কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সহজভাবে পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ বণ্টন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত কাজ শুরু করা হবে।
প্রতিমন্ত্রী জানান, আজ প্রথম অফিস করছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অগ্রাধিকারভিত্তিতে কাজ শুরু করবো। কৃষক কার্ড কীভাবে দ্রুত বণ্টন করা যায়, সেটি নিয়ে কার্যক্রম হাতে নেওয়া হবে।
তিনি বলেন, কৃষক কার্ড চালু হলে কৃষকরা সরাসরি বিভিন্ন কৃষি সহায়তা ও প্রণোদনা পাবেন। একই সঙ্গে এ কার্ডের মাধ্যমে কৃষিবিমা সুবিধা এবং সহজ শর্তে কৃষিঋণ গ্রহণের সুযোগও তৈরি হবে।
সরকারের আশা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকদের প্রাতিষ্ঠানিক সহায়তা বৃদ্ধি পাবে, ভর্তুকি ও প্রণোদনা বিতরণে স্বচ্ছতা আসবে এবং কৃষিখাতে উৎপাদনশীলতা বাড়বে।
রিপোর্টার্স২৪/ঝুম