রিপোর্টার্স২৪ ডেস্ক: সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘পরোক্ষভাবে’ যুক্ত থাকবেন বলে জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ট্রাম্পের এ মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে জেনেভা পৌঁছেছেন।
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে। এ প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইরানের ওপর যেকোনো হামলা আঞ্চলিক যুদ্ধের দিকে পরিস্থিতিকে ঠেলে দিতে পারে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মঙ্গলবারের আলোচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, ‘আমি এসব আলোচনায় পরোক্ষভাবে যুক্ত থাকব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। ইরান খুব কঠিন দর কষাকষিকারী।’
চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প উল্লেখ করেন, গত জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র অংশ নিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান তাদের কঠোর অবস্থানের ফল বুঝেছে। তবে এবার ইরান চুক্তিতে আগ্রহী বলেও তিনি ইঙ্গিত দেন।
তবুও আলোচনার পথে বড় বাধা রয়ে গেছে। ওয়াশিংটন দাবি করছে, ইরানকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়ও আলোচনার আওতায় আনতে হবে। অন্যদিকে তেহরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে সীমিত সমঝোতাই তারা বিবেচনা করবে। শূন্য মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবি তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।
রিপোর্টার্স২৪/আরকে