| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নৈতিকতার প্রশ্নে আপস করিনি—বিদায়ী সংবর্ধনায় বাণিজ্য উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ০৫:০৩:১৪:পূর্বাহ্ন  |  ৬৯৫৫১৭ বার পঠিত
নৈতিকতার প্রশ্নে আপস করিনি—বিদায়ী সংবর্ধনায় বাণিজ্য উপদেষ্টা
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে নৈতিকতার প্রশ্নে তিনি কখনও আপস করেননি এবং ভবিষ্যতেও করবেন না। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, দায়িত্ব নেওয়ার সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সম্পর্কে তার ভিন্ন ধারণা ছিল। তবে দায়িত্ব পালনকালে তিনি দেখেছেন, সঠিক নেতৃত্ব পেলে কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কাজ করতে সক্ষম। আজ আমি কৃতজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি। আমি মনে করি, আপনারা দেশের সম্পদ। আপনারা প্রমাণ করেছেন—সুযোগ পেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব, বলেন তিনি।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে শেখ বশিরউদ্দীন বলেন, পরিবর্তনের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা প্রশাসনের আচরণেও প্রতিফলিত হওয়া প্রয়োজন। কোনো অনৈতিক বা অনায্য নির্দেশ এলে তা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করার সাহস থাকতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জানান, আগামী ১৮ তারিখ নতুন নেতৃত্ব দায়িত্ব নেবে। নতুন মন্ত্রীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মতভেদ থাকলে তা সরাসরি ও যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করা উচিত, যাতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হয়।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে সব উইং ও দপ্তর-সংস্থার সমন্বিত প্রচেষ্টায় কাজ করা সম্ভব হয়েছে। দেশের অর্থনৈতিক স্বার্থ ও ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনায় রেখেই তিনি দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন-এর চেয়ারপারসন এ এইচ এম আহসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪