রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার পর সরকার গঠনের প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই শতাধিক আসনে নিরঙ্কুশ বিজয়ের পর সম্ভাব্য মন্ত্রিসভাকে সামনে রেখে প্রস্তুত রাখা হয়েছে প্রায় ৪০টি সরকারি বাসভবন এবং অর্ধশত বিলাসবহুল গাড়ি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্যদের আবাসন ও যাতায়াত নিশ্চিত করতে আগাম এই প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে নতুন প্রধানমন্ত্রীর অস্থায়ী বাসভবন হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’কে প্রাথমিকভাবে বিবেচনায় রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। একই স্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
বেইলি রোড থেকে মিন্টো রোড প্রস্তুত ৪০ বাসভবন
নতুন মন্ত্রীদের জন্য ঢাকার বেইলি রোড, গুলশান, ধানমন্ডি ও মিন্টো রোড এলাকায় প্রায় ৪০টি সরকারি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগের মন্ত্রী ও উপদেষ্টারা যেসব বাসভবন ছেড়ে দিয়েছেন, সেগুলো সংস্কার শেষে বসবাসের উপযোগী করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে প্রস্তুত বাড়িগুলোতে দ্রুত ওঠা সম্ভব। প্রয়োজন হলে সংখ্যাও বাড়ানো যাবে। যেসব বাসভবনে সংস্কার দরকার, সেখানে হাইজেনিক ওয়াশ, বাথরুম ফিটিংস পরিবর্তন ও রং করার কাজ দ্রুত সম্পন্ন করা হবে।
প্রধানমন্ত্রীর বাসভবন এখনো চূড়ান্ত নয়
নতুন প্রধানমন্ত্রীর জন্য স্থায়ী বাসভবন এখনও নির্ধারিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বর্তমানে যে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে থাকছেন, সেটিকেই আপাতত সম্ভাব্য বাসভবন হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।
মন্ত্রণালয় সূত্র বলছে, প্রধানমন্ত্রীর আবাসন পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি চাইলে নিজ বাসভবনেও থাকতে পারেন অথবা নতুন বাসভবন নির্মাণের নির্দেশ দিতে পারেন।
গাড়ির সংখ্যা চূড়ান্ত হবে শপথের দিন
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় প্রাথমিকভাবে মন্ত্রীদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। ভিভিআইপি প্রটোকল অনুযায়ী অতিরিক্ত কয়েকটি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক বিকল্প দেওয়া যায়।
সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খায়রুল কবীর মেনন জানিয়েছেন, মন্ত্রিসভার আকার অনুযায়ী গাড়ির চাহিদা শপথের দিন চূড়ান্ত হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নিরঙ্কুশ জয়ের পর সরকার গঠনের পথে বিএনপি
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই যুগ পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার দাবি করেছে বিএনপি। দলটির ঘোষণামতে চেয়ারম্যান তারেক রহমান দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। তার নেতৃত্বে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছে দলটি।
রিপোর্টার্স২৪/আরকে