স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তথ্যে দেখা যায়, ভূমিধস জয় পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯.৯৭ শতাংশ ভোট এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ইসির তৈরি দলভিত্তিক ভোটের হারসংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২৯৯টি আসনের ভোটে নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের মামলা নিষ্পত্তির পর ঘোষণা করা হবে।
ইসির ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ২৯৯ আসনে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’র পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি ভোট।
আসনসংখ্যার হিসেবে বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি আসন পেয়েছে।
অন্যদিকে জাতীয় পার্টিসহ ৪১টি দল কোনো আসন পায়নি।ভোটের শতাংশের হিসাবে এনসিপি পেয়েছে ৩.৫ শতাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস ২.৯ শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৭০ শতাংশ ভোট।
রিপোর্টার্স২৪/এসসি