| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শপথ অনুষ্ঠানে আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালোথ্রা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৯:০৭:১৫:অপরাহ্ন  |  ৬৮০৪১০ বার পঠিত
শপথ অনুষ্ঠানে আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালোথ্রা
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্লামেন্টারি আন্ডার-সেক্রেটারি অব স্টেট ফর ইন্দো-প্যাসিফিক সীমা মালোথ্রা। রোববার কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রে জানা যায়, সীমা মালোথ্রা সোমবার বিকেল ৫টায় ইমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

শপথ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের নিকট শপথ গ্রহণ করবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সীমা মালোথ্রা ব্রিটিশ প্রতিনিধিরূপে উপস্থিত থাকবেন।

সীমা মালোথ্রা ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ। ২০২৫ সালের সেপ্টেম্বরে তিনি ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসে ইন্দো-প্যাসিফিক বিষয়ক দায়িত্বে নিযুক্ত হন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাজ্যের নীতি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও মানবাধিকার বিষয়ক কাজ করেন তিনি।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের ঐতিহাসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতসহ বাণিজ্যিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও উন্নয়ন সহায়তায় দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। সীমা মালোথ্রা এই সফরে নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে কাজ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধি, বিশেষ করে সার্কভুক্ত দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে। এছাড়া চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা ও মালদ্বীপের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪