স্টাফ রিপোর্টার: হঠাৎ দেশ ছাড়াকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া নানা জল্পনা–সমালোচনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তির পর আর্থিক ক্ষতি ও পারিবারিক জরুরি প্রয়োজনের কারণ দেখিয়ে তিনি বিদেশে গেছেন বলে জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি জানান, চলতি মাসের ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। ১০ ফেব্রুয়ারিই ছিল তার শেষ কর্মদিবস। সেদিন সহকর্মীদের সঙ্গে বিদায়ী নৈশভোজেও অংশ নেন। প্রযুক্তিনির্ভর নির্বাচন আয়োজনেও তার অবদান ছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও কটূক্তির প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, একজন আত্মমর্যাদাসম্পন্ন ও সৎ মানুষকে অসম্মানজনক মন্তব্য করার আগে তথ্য যাচাই করা উচিত। বিদায়ের সময় সহকর্মীদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, দ্রুত একটি চাকরি খুঁজতে হবে তাকে। দেশের জন্য কাজ করতে গিয়ে ব্যক্তিগতভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেন। তার ভাষায়, “সেভিংস যা ছিল, সব শেষ হয়েছে।”
দেশ ছাড়ার বিষয়ে তিনি জানান, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি প্রয়োজন থাকায় তাকে দ্রুত পরিবারের কাছে যেতে হয়েছে। যথাযথভাবে ছুটি নিয়েই বিদেশে গেছেন এবং রিটার্ন টিকিটও কাটা আছে বলে দাবি করেন। দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে না পারার কথাও উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত আবেগের ছোঁয়া দিয়ে লেখেন, “আজ ভ্যালেন্টাইনস ডে পরিবারের সঙ্গে সময় কাটানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
পোস্টের পুনশ্চ অংশে দায়িত্ব পালনের সময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর স্বচ্ছতা ও নীতিগত সংস্কার আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে ব্যাপক পরিশ্রম করেছেন বলেও উল্লেখ করেন।
আল্লাহকে সাক্ষী রেখে তিনি দাবি করেন, কোনো ধরনের দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। বরং মোবাইল ব্যবসায়ী ও টেলিকম সংশ্লিষ্ট কিছু গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পোস্টের শেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে Emirates–এর একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে জার্মানির উদ্দেশে রওনা দেন।
রিপোর্টার্স২৪/ঝুম