সিনিয়র রিপোর্টার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দ্রুতই নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে এবং তা কোনোভাবেই ১৬ বা ১৭ ফেব্রুয়ারির পর হবে না। তবে শপথ বাক্য কে পড়াবেন, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি পরে জানানো হবে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি-তে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব জানান, শপথ অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। প্রধান উপদেষ্টা ও মন্ত্রিসভার পক্ষ থেকে দ্রুত দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নির্বাচনে একটি কেন্দ্রে ২০০ শতাংশ ভোট পড়ার সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটি ‘মিথ্যা সাংবাদিকতা’ এবং মূলত মুদ্রণজনিত ভুল। সংশ্লিষ্ট প্রতিবেদক রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা না বলেই সংবাদটি প্রকাশ করেছিলেন বলে দাবি করেন তিনি। পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়েছে বলেও জানান প্রেস সচিব।
রিপোর্টার্স২৪/এসসি