| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০৪:৪৯:২৬:পূর্বাহ্ন  |  ৭৪৫৫৯১ বার পঠিত
চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন

স্টাফ রিপোর্টার: আসন্ন ঢাকা-১৭ আসনের নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে আরও চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সশরীর এবং টেলিফোনের মাধ্যমে এই সমর্থনের কথা জানান। এর আগে মোরগ প্রতীকের প্রার্থী এনায়েত উল্লাহও মাঠ ছেড়ে তারেক রহমানকে সমর্থন জানিয়েছিলেন।

সাবেক সংসদ সদস্য ও বিএনএফ প্রার্থী এস এম আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলনে সশরীর উপস্থিত হয়ে বলেন, ২০১৪-২০১৮ মেয়াদে আমি এই আসনের সংসদ সদস্য ছিলাম। দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে জয়লাভ করাতে এই মুহূর্তে একতার বিকল্প নেই। সাম্প্রদায়িক শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমার প্রার্থিতা থাকলে জাতীয়তাবাদী শক্তির ভোট বিভক্ত হবে—এই আশঙ্কা থেকেই আমি তারেক রহমানকে সমর্থন দিচ্ছি। তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি চাই না আমরা ’৭১-এর আগে অবস্থায় ফিরি। তাই আমার সমর্থকদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদও সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানান, সবার আগে দেশ। এই স্লোগান সামনে রেখে আমি বিএনপি প্রার্থীকে সমর্থন করছি। আমার সমর্থকেরা ধানের শীষে ভোট দিলে সেটিই আমার ভোট হিসেবে গণ্য হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।

ঢাকার বাইরে থাকা আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মনজুর হুমায়ুন টেলিফোনে তারেক রহমানের সঙ্গে কথা বলে সমর্থন ব্যক্ত করেন। তারা দুজনেই ভোটারদের আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বিজয়ী করার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা–১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আবদুস সালাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, নির্বাচনী এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে নগদ অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা চালাচ্ছে। জনসমর্থন না থাকায় তারা অবৈধ পথ অবলম্বন করছে। তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে প্রার্থীদের এই সমর্থন ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচন এলাকায় জাতীয়তাবাদী শক্তির ভোট কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা বাড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরে দাঁড়ানো এবং সমর্থন প্রকাশ দেশের রাজনীতিতে একত্রিত ভোটের প্রভাব তৈরি করবে, যা আসন্ন নির্বাচনের ফলাফলের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এই অবস্থায় ঢাকা-১৭ আসনের ভোটারদের দৃষ্টি এখন ধানের শীষ প্রতীকের দিকে সরে এসেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের সমর্থন প্রকাশ ও ভোট বিভাজন রোধের প্রয়াস নির্বাচনের শেষ মুহূর্তে শক্তি সমীকরণ পরিবর্তন করতে পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪