সিনিয়র রিপোর্টার: ভোটের সময় টাকা বহনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সীমা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, টাকার উৎস ও ব্যবহারের খাত বৈধভাবে দেখাতে পারলে ৫০ লাখ নয়, প্রয়োজনে ৫ কোটি টাকা বহনেও আইনগত বাধা নেই।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটকালীন অর্থ পরিবহনসংক্রান্ত প্রশ্নের জবাবে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
ইসি সচিব জানান, কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে নগদ অর্থ বহন করেন এবং তার বৈধ উৎস প্রমাণ করতে পারেন, তাহলে এ বিষয়ে নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা নেই। তবে অর্থটি যদি নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহার করা হয়, সে বিষয়টি ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ খতিয়ে দেখবে।তিনি আরও বলেন, অর্থের উৎস অবৈধ হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
প্রসঙ্গত, বুধবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রেক্ষাপটে ভোটের সময় অর্থ বহনের সীমা নিয়ে প্রশ্ন ওঠে।
রিপোর্টার্স২৪/এসসি