| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:৫৮:০১:অপরাহ্ন  |  ৭২৮২৪২ বার পঠিত
৪০ দিনে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৩: আসক
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে দেশে ১৩৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩ জন নিহত এবং এক হাজার ১০৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক সহিংসতা এবং হতাহতের সংখ্যা ততই বাড়ছে।

আসকের তথ্য অনুযায়ী, জানুয়ারির প্রথম ১০ দিনে (১–১০ জানুয়ারি) রাজনৈতিক সহিংসতার ৮টি ঘটনায় ২৬ জন আহত এবং পাঁচজন নিহত হন। পরবর্তী ১০ দিনে (১১–২০ জানুয়ারি) ১৮টি ঘটনায় আহত হন ১৭৬ জন এবং নিহত হন দুজন। জানুয়ারির শেষ ১০ দিনে (২১–৩১ জানুয়ারি) ৪৯টি ঘটনায় আহত হন ৪১৪ জন এবং নিহত হন চারজন।

এছাড়া ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে (১–১০ ফেব্রুয়ারি) ৫৮টি সহিংসতার ঘটনায় ৪৮৯ জন আহত এবং দুজন নিহত হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করে আসক জানায়, গত বছরের ডিসেম্বরে ১১ জন সাংবাদিক আক্রান্ত হন। চলতি বছরের জানুয়ারিতে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৬ জনে। আর ফেব্রুয়ারির প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৪৭ জন সাংবাদিক।

এ সময় গত ৭ ফেব্রুয়ারি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ টাইমস-এর ২১ জন সাংবাদিককে কর্মস্থল থেকে আটক করে সেনা ক্যাম্পে নেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।

সামগ্রিক বিশ্লেষণে আসক জানায়, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়েছে এবং ফেব্রুয়ারিতেও এ প্রবণতা অব্যাহত রয়েছে। নির্বাচন সামনে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি আরও সহিংস হয়ে উঠছে বলেও উল্লেখ করা হয়।

রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিক হয়রানির ক্রমবর্ধমান ঘটনায় উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪