ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউরোপে পৌঁছানোর স্বপ্ন নিয়ে সমুদ্রে নামা আরও একটি নৌকা শেষ পর্যন্ত রূপ নিল মৃত্যুফাঁদে। লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার তথ্য প্রকাশ করা হয়। আইওএম জানায়, নৌকাটিতে থাকা ৫৫ জন যাত্রীর মধ্যে মাত্র দু’জন নারী জীবিত উদ্ধার হয়েছেন। তারা দু’জনই নাইজেরিয়ার নাগরিক এবং শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে।
আইওএমের তথ্যমতে, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিলেন। উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ছয় ঘণ্টা পর নৌকাটিতে পানি ঢুকতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায় এবং অধিকাংশ যাত্রী সাগরে তলিয়ে যান।
সংস্থাটি জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে তারা।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি প্রধান ট্রানজিট ও প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে। সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা হাজারো মানুষ মানবপাচারকারীদের মাধ্যমে বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঝুঁকছেন।
বেঁচে যাওয়া অভিবাসীরা আইওএমকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমে অবস্থিত আল-জাওইয়া থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে গিয়ে নৌকাটি উল্টে যায়। তবে দুর্ঘটনার খবর পেতে দেরি হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
আইওএম আরও জানায়, জীবিত উদ্ধার হওয়া নারীদের একজন তার স্বামীকে হারিয়েছেন, আর অন্যজন জানিয়েছেন, এই দুর্ঘটনায় তার দুই সন্তানই মারা গেছে। উদ্ধারকারী দলের সদস্যরা তাদের দু’জনকেই জরুরি চিকিৎসা ও মানসিক সহায়তা দিয়েছেন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, শুধু গত জানুয়ারিতেই মধ্য ভূমধ্যসাগরে শীতকালীন দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে একাধিক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। এই মৃত্যুর সংখ্যা বিশ্বজুড়ে অভিবাসন সংকটের ভয়াবহ চিত্র আরও স্পষ্ট করে তুলছে।
রিপোর্টার্স২৪/ঝুম