জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ জামায়াতে ইসলামী বলে বেড়ায়, আমাদের নারী ভোটাররা সব ভোট ওনাদের দিয়ে দিয়েছে। এটা ভুয়া। যদি নারীদের প্রতি তাদের সম্মান থাকত, নারীর ক্ষমতায়নে যদি বিশ্বাস করতেন, তাহলে অন্তত ৩০০ আসনের মধ্যে একজন নারীকে মনোনয়ন দিতেন। কিন্তু তারা সেটা দেয়নি।
রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জীবননগর স্টেডিয়াম মাঠে তিনি এ কথা বলেন। এর আগে বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন আর দলীয় প্রতীক নিয়ে নানা বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-2 আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।
এসময় তিনি বলেন, আমাদের সুশৃঙ্খল হতে হবে। আইন মেনে চলতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলে দলে গিয়ে ভোট দিতে হবে। আমার ভোটটা আমি দেব। অন্যরা যাতে সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, আমরা সে বিষয়ে সহযোগিতা করব। এখন কেউ কেউ পরোক্ষভাবে হুমকি দেওয়ার চেষ্টা করে—অমুক দলের লোক, অমুক ধর্মের লোক ভোটকেন্দ্রে গেলে দেখে নেব। আমাদের দায়িত্ব হবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।
বাবু খান আরও বলেন, আপনার ভোট দেওয়ার পরে, আপনার পরিবারের ভোট দেওয়ার পরে আমরা কেন্দ্রের পাশে আমাদের যে ক্যাম্প আছে সেখানে অবস্থান করব। অবস্থান মানে কোনো ধরনের হাঙ্গামা, মারামারি এ জন্য না। অবস্থান করা মানে নির্বাচনটাকে আরও বেশি উৎসবমুখর করা।
জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীরের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান, জীবননগর পৌরসভার সাবেক মেয়র আরশাফুল ইসলাম, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী।
রিপোর্টার্স২৪/এসএন