| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক আজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১০:০৫:০৮:পূর্বাহ্ন  |  ৭৬৯১৩৩ বার পঠিত
প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে আজ উপদেষ্টা ও সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ১০টায় প্রথম ধাপে সচিবদের সঙ্গে বৈঠক শুরু হবে, যেখানে প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বিদায়ী বক্তব্য দেবেন। পরে উপদেষ্টা পরিষদের সঙ্গে আলাদা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছেন মোট ৭৫ জন সচিব। এর মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক। সংশ্লিষ্ট সব সচিবকেই আজকের বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ৯ ফেব্রুয়ারি সরকারের শেষ নিয়মিত বৈঠক হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে প্রধান উপদেষ্টা প্রশাসনিক কর্মকাণ্ড, দায়িত্ব হস্তান্তর এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সচিবদের দিকনির্দেশনা দেবেন।

এরপর উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে। তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিশেষ প্রয়োজন দেখা দিলে কেবল উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে সরকারের মেয়াদ শেষের ইঙ্গিত হিসেবে ইতোমধ্যে উপদেষ্টাদের একটি অংশ সরকারি বাসভবন ছাড়তে শুরু করেছেন। জানা গেছে, দুজন উপদেষ্টা সরকারি বাসা ছেড়ে দিয়েছেন এবং বাসা হস্তান্তরের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন।

পাশাপাশি তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টাদের বাসা ছাড়ার উদ্যোগ ও কূটনৈতিক পাসপোর্ট ফেরত দেওয়ার ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে—নির্বাচনের পরপরই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪