| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ০৯:২৯:২১:পূর্বাহ্ন  |  ৭৭৯৪৭৫ বার পঠিত
ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি থাকতে ঢাকা-১৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জনসমক্ষে আনেন।

ফেসবুক পোস্টে মান্না জানান, তিনি বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি একাধিক আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও বাস্তব পরিস্থিতি বিবেচনায় ঢাকা-১৮ আসনে নির্বাচন চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ হিসেবে তিনি নির্বাচনী ব্যয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেন।

পোস্টে তিনি লেখেন, ঢাকা-১৮ একটি অত্যন্ত বড় ও ব্যয়বহুল নির্বাচনী এলাকা। এই আসনের আওতায় রয়েছে সাড়ে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার। বিপুল এই ভোটারসংখ্যা ও এলাকার বিস্তৃত পরিসরের কারণে নির্বাচনী খরচ বহন করা তার সামর্থ্যের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই তিনি ঢাকা-১৮ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এই সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করতেও ভোলেননি নাগরিক ঐক্যের সভাপতি।

উল্লেখ্য, ঢাকা-১৮ আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকেই বৈধ ছিল। রাজধানীর উত্তরা, খিলক্ষেত, কুড়িল, উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন।

অন্যদিকে, মান্না বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও শুরুতে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়েছিল, তবে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি প্রার্থিতা পুনরুদ্ধার করেন। এই আসনে প্রথমে বিএনপি তাকে সমর্থনের ঘোষণা দিলেও পরে নিজেদের দলীয় প্রার্থী হিসেবে মীর শাহে আলমকে মনোনয়ন দেয়। পাশাপাশি জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪