চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে রোববার (৮ ফেব্রুয়ারি) নারীদের ব্যাপক অংশগ্রহণে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বন্দরটিলা আলী শাহ মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইপিজেড মোড়ে এসে শেষ হয়। মিছিলের পর সেখানে সংক্ষিপ্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও মহল্লা থেকে আসা নারীরা উপস্থিত ছিলেন। তারা দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়মমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মদ শফিউল আলম। তিনি বলেন, এই নারী সমাবেশ প্রমাণ করছে যে, বন্দর-পতেঙ্গার মা-বোনেরা আর নীরব দর্শক থাকতে চান না। তারা নিরাপদ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে সক্রিয়ভাবে অংশ নিতে রাজপথে নেমেছেন। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমাকে নতুন সাহস ও প্রেরণা দিয়েছে। তিনি আরও যোগ করেন, নির্বাচিত হলে এ এলাকায় নারীদের বিরুদ্ধে সব ধরনের বৈষম্য, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা হবে। নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে সমাজ কখনো এগোতে পারে না।
সমাবেশে অংশ নেওয়া নারীরা বলেন, ন্যায়বিচার, নিরাপত্তা ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় মোহাম্মদ শফিউল আলম একজন যোগ্য ও সৎ প্রার্থী। তার নেতৃত্বে বন্দর-পতেঙ্গা এলাকায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশের আয়োজন ও পরিচালনায় ছিলেন চট্টগ্রাম-১১ আসনের নির্বাচন পরিচালিকা সাহেদা মতিন। বক্তব্য রাখেন মহানগর মহিলা সেক্রেটারি ফরিদা খানম, নগর কর্মপরিষদ সদস্যা আয়েশা পারভিন, রাবেয়া বেগম, রোকেয়া বেগমসহ অন্যান্য নেত্রীবৃন্দ।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও যুবমহিলাদের অংশগ্রহণ বন্দর-পতেঙ্গার নির্বাচনী মাঠে নারীদের সক্রিয় ভূমিকার নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।