| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পলাতক সাবেক এমপিকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২১:১৫:৫৪:অপরাহ্ন  |  ৭৮২৪৭২ বার পঠিত
পলাতক সাবেক এমপিকে পুনর্বাসনের অপচেষ্টার অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন আসনে আওয়ামী লীগের পলাতক ও  সাবেক সংসদ সদস্যকে পুনর্বাসনের অপচেষ্টা এবং স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সমর্থকদের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি ও উস্কানির অভিযোগ তুলেছেন সর্বদলীয় সংগঠন ‘৩৬ জুলাই বিপ্লব’।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও নস্যাৎ করার সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবেই এসব অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধারা বলেন, এই ষড়যন্ত্র বাস্তবায়নে মুজাহিদ বেগ নামে একজনকে ‘ডামি প্রার্থী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি পরিকল্পিতভাবে এলাকায় উস্কানি দিয়ে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করা হয়।

আরও বলা হয়, এলাকায় দীর্ঘদিন ধরে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ বিরাজ করলেও সম্প্রতি পলাতক নিক্সন চৌধুরী মুজাহিদ বেগের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছেন। নেতারা বলেন, ভাঙ্গায় সংঘটিত সাম্প্রতিক সহিংস ঘটনার ক্ষত এখনো শুকায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

আরও অভিযোগ করা হয়, পলাতক ওই সাবেক সংসদ সদস্য বিভিন্ন মাধ্যমে হুমকি দিচ্ছেন এবং অবৈধ কালো টাকা ব্যবহার করে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

লিখিত বক্তব্যে বলা হয়, জুলাই বিপ্লবের মাধ্যমে এই এলাকার মানুষ নতুন স্বপ্ন ও সম্ভাবনা দেখেছিল। আমরা চাই না সেই অন্ধকার সময় আবার ফিরে আসুক। সংবাদ সম্মেলন থেকে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে উস্কানি ও সহিংসতার অভিযোগে মুজাহিদ বেগের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তথাকথিত স্বতন্ত্র প্রার্থীর নামে হুমকি, ধামকি ও কালো টাকার ব্যবহার বন্ধ করা,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

একই সঙ্গে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি পূরণ না হলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচির মধ্যে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অন্তর্ভুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, গণঅধিকার পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান, মো. আহাদ মিয়া, রিয়াজুল ইসলাম, রিফাক আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪