অভয়নগর (যশোর): চলো একসাথে গড়ি বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে (৮ ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৫টায় অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি থেকে রেলস্টেশন পর্যন্ত অনুষ্ঠিত হয় এক বিশাল নির্বাচনী মিছিল।
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচি ধীরে ধীরে জনস্রোতে রূপ নেয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। পুরো পথজুড়ে স্লোগান, ব্যানার, ফেস্টুন ও শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ কর্মসূচিটিকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে। স্থানীয় জনগণের উপস্থিতি ও আগ্রহ মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।
অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হুসাইনের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের জামায়াত মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি তার বক্তব্যে জাতীয় উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যশোর জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা আশেকী ইলাহি, এনসিপির উপজেলা আহবায়ক শাহজাহান কবির, উপজেলা শ্রমিককল্যাণ সভাপতি নূরুল ইসলাম বাবলু, পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন, শিবিরের উপজেলা পরিচালক সাজিদ হাসান, পৌর সভাপতি সাকিব হুসাইন, নওয়াপাড়া কলেজ সভাপতি ফয়সাল আহমেদ, ইয়াসিন হোসেন, হাসিবুর রহমান, আইয়ুব হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও মিছিলে শিবিরের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের উপস্থিতি ও শৃঙ্খলাবদ্ধ পদযাত্রা পুরো কর্মসূচিকে সফল ও সুশৃঙ্খল করে তোলে।
রিপোর্টার্স২৪/মিতু