সাতক্ষীরা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, তরুণদের দায়িত্ব প্রতিটি ভোটকেন্দ্র সুরক্ষিত রাখা। তিনি বলেন, আজকে দিল্লির তাবেদাররা এবং পতিত ফ্যাসিস্টরা নানা ষড়যন্ত্র করছে, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমাদের প্রতিটি কেন্দ্র, আমাদের মা-বোনদের জন্য, আমাদের চাচাদের জন্য নিরাপদ রাখতে হবে। আমরা কি পারব? ইনশাআল্লাহ পারব।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। সাদিক কায়েম নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিপ্লবের মধ্য দিয়ে ইনসাফের প্রতিনিধিরা দাঁড়িপাল্লার কান্ডারিরা এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা মুহাদ্দিস রবিউল বাসার ভাইকে ব্যাপক ভোটে নির্বাচিত করে ডা. শফিকুর রহমানকে উপহার দেব। তিনি কালিগঞ্জে গত ১৬ বছরে জীবন দেয়া ভাই-বোনদের আত্মত্যাগ এবং লাঞ্ছিত মায়েদের কথা স্মরণ করেন।
সাদিক কায়েম আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। ডা. শফিকুর রহমান আগামী নির্বাচনে জামায়াতের বা পরিবারের বিজয় নয়, ১৮ কোটি মানুষের বিজয় চান। জনসভায় তিনি সাতক্ষীরার চারটি আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী। উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার, জামায়াতের উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা-১ আসনের প্রার্থী কৃষ্ণ নন্দী, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক সংসদ সদস্য স. ম. সালাউদ্দিন, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রিপোর্টার্স২৪/বাবি