নরসিংদী প্রতিনিধি: নরসিংদী-২ (পলাশ) উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের পাথরপাড়া গ্রামে শনিবার বিকেলে গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদপ্রার্থী ড. আবদুল মঈন খান। তিনি উপস্থিত নেতাকর্মী ও জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা ভোটে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করলে সেটি কেবল বিএনপির নয়—সব মানুষের কল্যাণের জন্য হবে; দেশ জয়ের পথ খুলে দেবে।
ড. আবদুল মঈন খান বলেন, আপনারা এখানে এসেছেন—এটি প্রমাণ করে আপনারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চান; যেখানে সুশাসন থাকবে, গণতন্ত্র থাকবে, মানবাধিকার রক্ষা হবে এবং প্রতিটি মানুষের কথা বলার অধিকার ও ভোটের অধিকার অক্ষুণ্ণ থাকবে। তিনি আরও বলেন, আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেখানে বাংলাদেশের ১৩ কোটি ভোটার যার খুশি তাকে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন; আর যদি ধানের শীষকে জয়ী করেন, বিএনপি জনগণের কল্যাণে কাজ করে যাবে।
সভায় তিনি নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ও আইনশৃঙ্খলা রক্ষার গুরুত্বও উল্লেখ করেন। তিনি ভোটারদের প্রতি বিশেষভাবে নারী, বয়স্ক ও রাজনৈতিকভাবে অনুৎসাহিত মানুষদের উৎসাহ দিয়ে বলেন, অংশগ্রহণ বাড়াতে হবে—আপনার ভোটই আপনার অধিকার ও এই দেশের ভবিষ্যৎ গড়ার সিদ্ধান্ত।
উঠান বৈঠক থেকে মেহেরপাড়া ইউনিয়নের স্থানীয় নেতা-কর্মীরা ও সমর্থকরা ড. মঈন খানকে ব্যাপক সমর্থন জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক বিপি মনির, ব্রাদার্স ডাইং-এর পরিচালক মোতালিব ব্রাদার্স ডাইং-র আরে পরিচালক আলহাজ্ব আহেব আলী, যুবদলের সভাপতি বাবলা, ছাত্রদল নেতা রানা মঈন খানের দুই কন্যা মাহরীন ও নওশীন এবং অন্যসহকারী সংগঠনের বহু কর্মী ও স্থানীয় ভোটার। আয়োজকরা অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তব্যের শেষে ড. আবদুল মঈন খান কুশল বিনিময় ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কেও মন্তব্য করেন। তিনি জানান, নির্বাচনী প্রচারণায় জনসংযোগ অব্যাহত থাকবে এবং নির্বিশেষে প্রত্যেক ভোটারের কাছে পৌঁছানোর লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করা হবে। তিনি স্থানীয় উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, কৃষকদের কল্যাণ এবং সুশিক্ষা-স্বাস্থ্যসেবায় রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, নরসিংদী-২ (পলাশ) এলাকায় প্রচারণা চলাকালে বিভিন্ন স্থানে উঠান বৈঠক, পথসভা ও শুভেচ্ছা সমাবেশের আয়োজন করা হচ্ছে; পারস্পরিক শালীনতা বজায় রেখে ভোটারদের সচেতনতায় গুরুত্ব আরোপ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/বাবি