কক্সবাজার প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, ইসলামের নামে জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করতে হবে। তিনি বলেন, আল্লাহর কাজ বান্দা করতে চায়—নাউজুবিল্লাহ। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, কেউ কেউ ভোট দিয়ে জান্নাতে যাওয়ার আশ্বাস দিচ্ছেন। তাহলে আগে যারা মারা গেছেন তাদের কী হবে? তিনি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য উদ্ধৃত করে জানান, জামায়াতে ভোট দেওয়া হারাম।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদীর ইসলামে বিশ্বাস করি না। ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করুন। ইসলামের নামে মা-বোনদের বিভ্রান্ত করবেন না। তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহারে ধর্মকে টেনে আনা উচিত নয়।
তিনি বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতায় শহীদ ও মুক্তিযোদ্ধাদের অবদান অমর। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে শত-সহস্র মানুষ আত্মদান করেছেন, আহত হয়েছেন, গুম হয়েছেন এবং কারাবরণ করেছেন। সালাহউদ্দিন আহমদ বলেন, এই প্রিয় বাংলাদেশ শহীদদের কাছে স্বর্গের চেয়েও প্রিয় ছিল।
পদ্মা সেতু প্রকল্প প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়েই সেতুটি ডিজাইন ও কাজের পরিকল্পনা শেষ হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর চারগুণ বেশি খরচ ও অতিরিক্ত সময় নিয়ে নির্মাণ সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, বিএনপি সময়মতো কাজ শেষ করেছিল।
মহেশখালীর সামাজিক ও অর্থনৈতিক সম্ভাবনার কথাও তিনি তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন ধর্ম-বর্ণ ও সংস্কৃতির মানুষ এখানে বসবাস করে। ঐতিহ্যের ধারক এই দ্বীপ চা, লবণ, চিংড়ি ও শুঁটকির জন্য পরিচিত। সমুদ্রসম্পদ ও ব্লু ইকোনমি মহেশখালীকে অর্থনীতির হাবে পরিণত করতে পারে। ২০০১ সালে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য জরিপ শুরু হয়েছিল; প্রকল্পটি ১৭ বছর পিছিয়ে যাওয়ায় স্থানীয় জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সালাহউদ্দিন আহমদ আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে মহেশখালী-কুতুবদিয়ায় সকল প্রকল্পে স্থানীয় মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। এছাড়া কক্সবাজার-মহেশখালী সংযোগ সেতু নির্মাণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তিনি নির্বাচনী প্রচারণায় ভোট ও ক্ষমতার উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার বিষয়ক সতর্কবার্তাও দেন।
সভায় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ, জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট নুরুল আলম, অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, জিসান উদ্দীন, আতাউল্লাহ বোখারী ও জালাল আহমদ প্রমুখ।
সভাস্থল মহেশখালী ও কুতুবদিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে উপচে পড়ার মতো ভিড় দেখা যায়। সালাহউদ্দিন আহমদের বক্তব্যে ইসলাম, সংবিধান, মানবাধিকার, স্থানীয় উন্নয়ন ও গণতন্ত্রের বিষয়গুলোকে সংযুক্ত করে ভোটারদের কাছে সুস্পষ্ট রাজনৈতিক বার্তা পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি