| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ১৯:১০:৩২:অপরাহ্ন  |  ৭৬৩৪৮৪ বার পঠিত
ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে: তারেক রহমান

নীলফামারী জেলা প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীর ব্যবস্থা করা হবে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌর মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পরদিন থেকেই দেশ পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, খাল খনন, স্বাস্থ্যখাতের উন্নয়নসহ অনেক কাজ করতে হবে। ক্ষমতায় গেলে গৃহিণীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের সুবিধার জন্য কৃষক কার্ড চালু এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, নদীভাঙন রোধ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকে নজর দেওয়া হবে।

এ সময় তিনি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার কথাও বলেন। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা এবং তাদের জন্যই দেশের উন্নয়ন বলে উল্লেখ করেন তিনি। গণতন্ত্রের ভিত মজবুত করতে জনগণের সমর্থন প্রয়োজন বলেও মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণকে তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ১২ তারিখ বিএনপি জয়লাভ করলে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে। বিএনপি ক্ষমতায় এলে নীলফামারীতে শিল্পাঞ্চল গড়ে তুলে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। উত্তরা ইপিজেডকে আরও সম্প্রসারণ করে এ অঞ্চলের মঙ্গা দূর করার উদ্যোগ নেওয়া হবে। নতুন নতুন কলকারখানা স্থাপন এবং তরুণদের কর্মদক্ষ করে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথাও বলেন তিনি।

জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন নীলফামারী-২ সদর আসনের বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, সোহাইল পারভেজ, মোস্তফা প্রধান বাচ্চু, অ্যাডভোকেট আবু মাহাম্মদ সোয়েম, অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, কাজী আক্তারুজ্জামান জুয়েল, মুক্তার হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের নেতা রেদোয়ান বাবুসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪