বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার আবাদ গ্রামে জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ার আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার আলী শেখ ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের সোহান রাড়ী, সরোয়ার রাড়ী, আলতাফ হোসেন রাড়ীসহ একজন নারী ও আরও কয়েকজন ব্যক্তি ভেকু (এক্সকাভেটর) দিয়ে মসজিদঘরের সীমানা-সংলগ্ন আইল কেটে জমি দখলের চেষ্টা করেন। এ সময় আনোয়ার আলী শেখ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে পরিবারের দাবি।
স্থানীয়রা আরও জানান, জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে জমি পরিমাপ করে সমাধানের সিদ্ধান্ত ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই এক পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার আসরের নামাজের পর নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার শামীম হাসান জানিয়েছেন, বাগেরহাটের কচুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/সাইফ