ঠাকুরগাঁও প্রতিনিধি: ভবিষ্যৎ প্রজন্মের জন্য উর্বর মাটি সংরক্ষণের আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি সংরক্ষণ করুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভাটির আয়োজন করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এসআরডিআই-এর মহাপরিচালক ড. বেগম সামিয়া সুলতানা বলেন, অতিরিক্ত ও অসুষম রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে। এতে দীর্ঘমেয়াদের কৃষি উৎপাদন হুমকির মুখে পড়তে পারে। তিনি মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহারের ওপর গুরুত্ব দেন এবং টেকসই কৃষি নিশ্চিত করতে কৃষকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁও-এর অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির এবং সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসিরুল আলম বলেন, মাটি পরীক্ষার ফল অনুসরণ করে সার প্রয়োগ করলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমে, অন্যদিকে মাটির স্বাভাবিক গুণাগুণ বজায় থাকে। তাঁরা জৈব সার ব্যবহারের পাশাপাশি অম্লীয় মাটিতে ডলোচুন প্রয়োগের ওপরও গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এসআরডিআই, বিভাগীয় কার্যালয়, রংপুর-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হালিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, নিয়মিত মাটি পরীক্ষা ও সেই অনুযায়ী সার প্রয়োগ ছাড়া মাটির স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়। মাটির অবক্ষয় রোধ করা না গেলে ভবিষ্যতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে বলেও তিনি সতর্ক করেন।
সভায় স্থানীয় কৃষক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন। আলোচকরা বলেন, মাটির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হলে রাসায়নিক সারের অপচয় রোধ, জৈব সার ব্যবহার বৃদ্ধি এবং বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থাপনা জোরদার করা জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য উর্বর মাটি সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
রিপোর্টার্স২৪/মিতু