ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলভার ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব-৬।
র্যাব সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানাধীন ২ নম্বর জামালপুর ইউনিয়নের কামারাইল গুটিয়ানী বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলভার ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পিস্তলের বডিতে ‘CHINA’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে র্যাব। উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে জিডি মূলে এসব আলামত আইনগত প্রক্রিয়ার জন্য কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি তদন্তের আওতায় এনে সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে।
র্যাব আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/এসসি