স্টাফ রিপোর্টার: মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা আফনান (১২) আর বেঁচে নেই। দীর্ঘ ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিশুটির চাচা শওকত আলী।
তিনি জানান, হুজাইফার মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে ভাতিজির জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
গত ১১ জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা আফনান। সে ওই এলাকার জসিম উদ্দিনের কন্যা।
ঘটনার পরপরই তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে মাথায় বিদ্ধ গুলিটি অপসারণ সম্ভব না হওয়ায় ১৩ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ সে সময় জানিয়েছিলেন, অস্ত্রোপচারের ঝুঁকির কারণে মস্তিষ্কে প্রবেশ করা গুলিটি বের করা সম্ভব হয়নি। তবে মস্তিষ্কের চাপ কমাতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল।
হুজাইফার মৃত্যুর খবরে টেকনাফের হোয়াইক্যং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সীমান্তে নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি