ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের নির্বাচনী পরিবেশ পাল্টাপাল্টি অভিযোগের কারণে উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি মনোনীত হেভি ওয়েট প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ (ফুটবল প্রতীক) সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশনায় ভোটের মাঠে নেমেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফরিদপুরের সদরপুরে তার নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নিক্সন চৌধুরীর ছত্রছায়ায় পেশীশক্তি ব্যবহার এবং কালো টাকার ছড়াছড়ি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।
শহিদুল ইসলাম বাবুল বলেন, “স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ নির্বাচন প্রভাবিত করার উদ্দেশ্যে একটি বিশেষ মহলের নির্দেশনায় কাজ করছেন। তার নারী কর্মীরা গ্রামে-গ্রামে কালো টাকা বিতরণ করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিওও ভাইরাল হয়েছে।”
তিনি আরও বলেন, পান্নু বেগ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর পিএস বাসার ও লিওন এসব কালো টাকা মানুষের হাতে পৌঁছে দিচ্ছে। একই সঙ্গে আমার নেতা-কর্মী ও সমর্থকদের হুমকি-ধামকি দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হচ্ছে। সাবেক এমপির কালো টাকা বিতরণ ও পেশিশক্তির ব্যবহারের কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে।
শহিদুল ইসলাম বাবুল প্রশাসন ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। যারা আওয়ামী লীগের সঙ্গে ছিলেন, তারা পালিয়ে গেছে; তবে তাদের প্রভাবের কারণে পরিবেশ অশান্ত হয়ে উঠেছে।”
অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ সাংবাদিকদের বলেন, “আমি সাধারণ জনগণকে নিয়ে মাঠে আছি এবং তাদের সঙ্গে থাকবো। কালো টাকা বিতরণের অভিযোগ নাটক মাত্র। কিছু নারী কর্মীকে ব্যবহার করে একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে। আমি চাই নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হোক এবং প্রশাসনের সহযোগিতা চাই।”
রিপোর্টার্স২৪/এসএন