| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুর-৪ আসনে রিকশা-দাঁড়িপাল্লা একঘরে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৫:৪৭:০১:অপরাহ্ন  |  ৭৯৪২৩১ বার পঠিত
ফরিদপুর-৪ আসনে রিকশা-দাঁড়িপাল্লা একঘরে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-৪ আসনে আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর রিকশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা এক ঘরে দাঁড়িয়ে কাজ করার সিদ্ধান্তে উপনীত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রার্থীকে শেষ মুহূর্তে এসে পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাওলানা মিজানুর রহমান মোল্লা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি খেলাফত মজলিসের প্রার্থী ও জেলার সহসভাপতি মাওলানা মিজানুর রহমান ও তার দলের নেতাকর্মীরা নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার সারাদিন মাওলানা মিজানুর রহমান মোল্লাকে ঘিরে চলছিল বিবিধ জল্পনা-কল্পনা। তিনি নির্বাচন মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন এবং বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলকে সমর্থন জানিয়েছেন বলে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার লোকমুখে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান দুপুরে মাওলানা মিজানুর রহমানের পুলিয়া বাজারে গণসংযোগ শেষে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দুই নেতার একান্ত আলাপচারিতার খবর জনগণের মধ্যে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আরও জলঘোলা হতে থাকে। রিপোর্টার্স টুয়েন্টি ফোরের প্রতিনিধি বৃহস্পতিবার দুপুরে মোবাইলফোনে তার প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন এবং নিরপেক্ষ অবস্থানে থাকার কথা ব্যক্ত করেন মাওলানা মিজানুর রহমান মোল্লা। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে ছবি পোস্ট প্রচার হতেই জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন করার ঘটনাটি নজরে আসে গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণের।

রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত কেন নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানো এবং দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে উপনীত হলেন—প্রশ্নের উত্তরে তিনি জানান, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ। শুধু ফরিদপুর-৪ আসন উন্মুক্ত রাখায় দুই দলের দুজন প্রার্থী নির্বাচনী লড়াই করতে ভোটের মাঠে ছিলাম। এর ফলে ইসলামী দলের বিজয়ের অনিশ্চয়তার বিষয়টি উপলব্ধি থেকে তিনি দাঁড়িপাল্লাকে সমর্থন করেছেন বলে উল্লেখ করে আরও জানান, আমি সজ্ঞানে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছি এবং ইসলামী দলের জোট প্রার্থীর বিজয়ের বিষয়ে কোনো বাধা রইল না বলে অভিমত ব্যক্ত করেন। আমার নেতা আল্লামা মামুনুল হকের সঙ্গে পরামর্শ করার পর আমার দেড় বছরের সাজানো-গোছানো ফরিদপুর-৪ আসনের নির্বাচনী মাঠে ইসলামের বিজয়ের দিকে তাকিয়ে ও জোটের সম্মানে দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়েছি বলে ভারাক্রান্ত হৃদয়ে জানান।

জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, ১১ দলের দুইজন প্রার্থী ফরিদপুর-৪ নির্বাচনী মাঠে ছিলাম। বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা মার্কার প্রার্থী মিজানুর রহমান আমাকে সমর্থন জানিয়েছেন। দুজনে মিলে ন্যায় ও ইনসাফের নীতিতে একসঙ্গে কাজ করবো ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪